ডাকসু নির্বাচনে কার্জন হলে ভোটারদের ভোগান্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রে ভোটারদের ভোগান্তি স্পষ্টভাবে চোখে পড়েছে। শুরু থেকেই কেন্দ্রটিতে গণমাধ্যমের উপস্থিতি কম থাকায় বাইরে ঘটে যাওয়া বিশৃঙ্খলা তেমনভাবে প্রকাশ পাচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, ভোট দিতে কেন্দ্রের ভেতরে প্রবেশের সময় প্রতিটি ভোটারকে ঘিরে ধরছেন অন্তত ১৫-২০ জন প্রার্থী বা তাদের কর্মী, যারা লিফলেট, কার্ড ও প্রতীক তুলে দিচ্ছেন। এতে অনেক ভোটার বিরক্তি প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, কেন্দ্রে ঢুকতেই প্রচারণার চাপ তৈরি হচ্ছে, যা ভোটের পরিবেশ ব্যাহত করছে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে।
সহকারী প্রক্টর ড. মোস্তাফিজুর রহমান বলেন, এসব বিষয় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত।
ভোটারদের আরও অভিযোগ, বুথে পৌঁছাতে সময় লাগছে এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিছু শিক্ষার্থী আশঙ্কা প্রকাশ করে বলেন, কেন্দ্রের ভেতরে প্রার্থীদের প্রচারণা চলতে থাকলে ভোটের গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে যাবে। তারা প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এই পরিস্থিতি নির্বাচন কমিশনের কার্যকারিতা এবং আচরণবিধি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষার্থীদের মধ্যে।



