ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন ভিপি প্রার্থী কাদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
আবদুল কাদের অভিযোগ করেন, ষড়যন্ত্রের মধ্যেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এলেও তাদের সঙ্গে তামাশা করা হচ্ছে। তার দাবি, নির্বাচন কমিশন সবসময় একটি গোষ্ঠীর স্বার্থে কাজ করছে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ভেতরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। বিএনপি-সমর্থিত প্রার্থী আবিদ কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোট প্রার্থনা করেছেন, কিন্তু কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।
তিনি বলেন, “কেন্দ্রের ভেতরে ঢুকে প্রার্থীরা হাসাহাসি করছে, ভোট চাইছে—এটা কি ধরনের নির্বাচন?” তিনি বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তাকে ফোন করে অভিযোগ করলেও কোনো পদক্ষেপ দেখা যায়নি।
এমফিল ভর্তি প্রক্রিয়াকে ঘিরে আঁতাতের অভিযোগ তুলে কাদের বলেন, “আজ পরিষ্কার বোঝা যাচ্ছে কেন এমফিল নিয়ে এত আগ্রহ ছিল। এই প্রক্রিয়াকে ব্যবহার করেই নির্বাচনে কারচুপি হচ্ছে।” তিনি আরও বলেন, “ছাত্রদল কেন বয়সসীমা তোলার জন্য চাপ দিয়েছিল, এখন তা স্পষ্ট। যাদের বড় তালিকায় আনা হয়েছিল, তারাই এখন ভোট নিয়ন্ত্রণ করছে।”
আবদুল কাদের অভিযোগ করেন, নির্বাচন কমিশন আচরণবিধি কার্যকরের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “ইসি শুধু আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবায়ন করেনি। তারা কার অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে, তা এখন শিক্ষার্থীদের কাছে পরিষ্কার।”
তিনি সতর্ক করে বলেন, “আমরা চাই না ডাকসু আবার গণঅভ্যুত্থানের মুখোমুখি হোক। আমরা আলোচনা করে পরবর্তী অবস্থান জানাব।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। ডাকসু নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ থাকবে।



