জামায়াতকে মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য ক্ষমা চাইতে বললেন ফারুক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
ছবি- সংগৃহীত
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচিত দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদ’-এর আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “দয়া করে ধীরে ধীরে রাজনৈতিক কৌশল পরিবর্তন করুন। অতীতের ভুল-ত্রুটি থাকলে জনগণের কাছে ক্ষমা চান।”
তিনি আরও বলেন, “একদিকে বলা হয় পিআর না হলে নির্বাচনে যাব না, অন্যদিকে বলা হয় গণভোট না হলে নির্বাচনে যাব না—এ ধরনের দ্বৈত অবস্থান গ্রহণ না করাই ভালো।”
আলোচনায় তিনি অভিযোগ করেন, “শুধু শেখ হাসিনা নয়, শেখ মুজিবের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয়নি। দিল্লির প্ররোচনায় যদি কেউ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ইউনূস সরকারের নির্বাচন বানচাল করতে চায়, তাহলে জনগণ তা প্রতিহত করবে।”
ফারুক দাবি করেন, নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র, পিআর কৌশল ও জনমত গঠনের চেষ্টা চলছে। তিনি বলেন, “ষড়যন্ত্র এখনো শেষ হয়নি।”
তিনি শহীদ জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে বলেন, “১৬ বছর ধরে তার নাম মুছে ফেলার চেষ্টা হয়েছে, কিন্তু মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলা যায়নি। পাথর মেরে ছবি ভাঙা যায়, হৃদয় থেকে নাম নয়।”
তারেক রহমানকে নিয়ে তিনি বলেন, “তার আত্মত্যাগের মূল্য দিতে হলে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তাহলেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের সভাপতি শেখ শামীম হাসান অনিক। বক্তব্য দেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, তাঁতী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ আরও অনেকে।



