Logo
Logo
×

রাজনীতি

বেআইনি মবের শাসন থেকে দেশকে মুক্ত করতে হবে: তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:৩১ পিএম

বেআইনি মবের শাসন থেকে দেশকে মুক্ত করতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

তারেক রহমান বলেন, নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আমরা বর্তমানে একটি অত্যন্ত স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় পার করছি, যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন। আজ যা ঘটেছে, তেমন অস্থিতিশীলতা যাতে আর না ছড়িয়ে পড়ে এবং গণতন্ত্রের পথে অগ্রযাত্রা যাতে বাধাগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ও মিত্র গণতন্ত্রপন্থী অংশীদারদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে জয়ী করতেই হবে। দেশকে বেআইনি মবের শাসন ও বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে।

তারেক রহমান মনে করেন, দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে মব সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকা, আইনের শাসন সমুন্নত রাখা এবং শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল রাষ্ট্র গঠন অপরিহার্য। গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়ন এবং সবার জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হওয়া সম্ভব,যোগ করেন তিনি।

বিবৃতির শেষদিকে নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন