ডাকসু নির্বাচনে থাকছে তিন স্তরের নিরাপত্তা, বহিরাগতদের প্রবেশে কঠোর অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০২:০০ পিএম
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে বহিরাগতদের হলে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের নিয়ে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর ঘোষণা দেন প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। সভায় অন্যান্য রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, ভোটের দিন প্রথম স্তরে প্রক্টোরিয়াল বডি ও বিএনসিসি সদস্যরা ভোটকেন্দ্রে দায়িত্বে থাকবেন। দ্বিতীয় স্তরে পুলিশ মোতায়েন থাকবে। আর তৃতীয় স্তরে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাতটি প্রবেশপথে অবস্থান করবে এবং ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি আরও জানান, ভোটের সাত দিন আগে থেকেই কোনো বহিরাগত হলে থাকতে পারবে না। হাউস টিউটর ও প্রভোস্টদের তত্ত্বাবধানে এটি নিশ্চিত করা হবে। ভোটের দিন পুরো ক্যাম্পাস সিলগালা থাকবে এবং কেবল বৈধ ভোটাররা প্রবেশ করতে পারবেন। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রো স্টেশনও বন্ধ থাকবে।
ভোটের দিন অনাবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহনে বাড়তি ট্রিপ দেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচলের জন্য ডিএমপি কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।
সভায় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম প্রার্থীদের সতর্ক করে বলেন, মুক্তিযুদ্ধ ও চব্বিশের শহীদদের অবমাননাকর কোনো প্রচারণা বরদাশত করা হবে না।



