Logo
Logo
×

রাজনীতি

ধর্মের নামে প্রতারণা করছে জামায়াত : আযম খান

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১০:২৬ পিএম

ধর্মের নামে প্রতারণা করছে জামায়াত : আযম খান

ছবি-সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘জামায়াত একদিকে ৩০০ আসনে নমিনেশন দিয়েছেন, অন্যদিকে পিআরের জন্য আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে দ্বিচারিতা কোথায় দেখেন? যদি পিআরের জন্য আন্দোলন করেন, তাহলে নমিনেশন কেন দিলেন? পিআরে তো কোনো প্রার্থী নেই। নমিনেশনটা কেন দিলেন? পিআরে তো একজন প্রার্থীও থাকবে না, শুধুমাত্র দল থাকবে, মার্কা থাকবে। জাতির সামনে এ ধরণের প্রতারণা বন্ধ করুন। জাতি এই ধরনের প্রতারণা দেখতে চায় না।’

আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজ তারা ধর্মের নামে প্রতারণা করছে। তারা ঘরে ঘরে গিয়ে বলছে, আমাদের এই মার্কায় ভোট দিন, আমরা আপনাদের জন্য বেহেশতের টিকিট নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ মিনজালিক।’

তিনি আরও বলেন, ‘হযরত মুহাম্মদ (সা.) এর শাফায়াত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবেন না। আমাদের প্রিয় নবী (সা.) কি কখনো বলেছেন, আমি আপনাদের জন্য বেহেশতের টিকিট নিয়ে এসেছি? না, বলেননি। কারণ বেহেশতের টিকিট দিতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের প্রিয় নবী, আল্লাহর প্রিয় রাসুল (সা.) শুধুমাত্র শাফায়াত করতে পারবেন, সুপারিশ করতে পারবেন। তার সুপারিশে সন্তুষ্ট হয়ে আল্লাহ বেহেশতের টিকিট দেবেন। জাতির সাথে, ধর্মের সাথে এ ধরণের প্রতারণা বন্ধ করতে হবে।’

রামগতি পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদদীন নিজান।

রামগতি উপজেলা বিএনপির সদস্যসচিব সিরাজ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফে সহ সভাপতি ওয়াহেদ উদ্দিন হ্যাপি, জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ ও রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, সর্বশেষ ২২ বছর আগে ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে রামগতি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়। এরপর একাধিকবার কমিটি গঠন করা হলেও সম্মেলন হয়নি। সর্বশেষ সম্মেলন ছাড়াই ২০২২ সালের ২৯ অক্টোবর এই দুটি শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন