চীন সফরে যাচ্ছে এনসিপির আট সদস্যের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০১:৪৯ পিএম
নাহিদ ইসলাম, সারজিস আলম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন। ছবি: সংগৃহীত
চীন সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধিদল। আগামী ২৬ আগস্ট তারা চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপটার এই সফরের আয়োজন করেছে। এ সফর থেকে ফিরে চীন সফরে যাবেন তিনি। চীন আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলামসহ এনসিপির প্রতিনিধি দলে থাকবেন— দলটির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।
তাহসীন রিয়াজ আরও জানান, আগামী ২৬ আগস্ট তাঁরা চীন যাবেন এবং ৩১ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।



