বিএনপির ১০০ আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত, বাকি ২০০ আসনে দেড় হাজার মনোনয়নপ্রত্যাশী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১১:৪২ এএম
ছবি : সংগৃহীত
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩০০ আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে প্রায় ১০০ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। বাকি ২০০ আসনের জন্য মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দেড় হাজারেরও বেশি।
দলীয় হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী, এবার প্রার্থী নির্বাচনে অগ্রাধিকার পাচ্ছেন দলের ত্যাগী, সুশিক্ষিত এবং ক্লিন ইমেজের নেতারা। বিশেষভাবে ১০০ আসনে তরুণ নেতাদের প্রাধান্য দেওয়া হবে। বিএনপি প্রতি আসনে তিনজন করে সম্ভাব্য প্রার্থী ঠিক করে রেখেছে, যাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দলটি নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুত এবং সারা দেশের সব আসনে সম্ভাব্য প্রার্থীরা মাঠে কাজ করছেন। তিনি বলেন, “গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এবার ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।”
২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিলেও ২০২৪ সালের নির্বাচন বর্জন করে। তখন মনোনয়নপ্রত্যাশী ছিলেন প্রায় আড়াই হাজার। এবার দলের অনুকূল পরিস্থিতির কারণে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা আরও বেড়েছে।
সূত্র জানায়, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের বিষয়ে ঐকমত্য হয়। এরপর থেকেই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনি প্রস্তুতি জোরদার করেছেন।
তারেক রহমান সরাসরি বিভিন্ন আসনের প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন এবং নির্দেশনা দিচ্ছেন। মনোনয়নপ্রত্যাশীরা এটিকে হাইকমান্ডের ‘গ্রিন সিগন্যাল’ হিসেবে দেখছেন।
দলীয় হাইকমান্ডের দেওয়া শর্ত অনুযায়ী, বিগত দেড় দশকের আন্দোলনে সক্রিয়, সুশিক্ষিত এবং দুর্নীতিমুক্ত নেতাদেরই মনোনয়ন দেওয়া হবে। যাদের বিরুদ্ধে সন্ত্রাস, দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তারা মনোনয়ন পাবেন না।



