চট্টগ্রামে ছাত্রদলের চার নেতাকে শোকজ, এক নেতা বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৯:১৭ পিএম
ছবি : সংগৃহীত
দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পালকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে তাঁর সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে, পৃথক আরেক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের চার সাবেক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন— সাবেক সহসভাপতি বাপ্পি দে, বিপ্লব চৌধুরী বিল্লু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত তালুকদার এবং অপু চৌধুরী আকাশ। তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম জানিয়েছেন, সংগঠনের অভ্যন্তরীণ দুই গ্রুপের দ্বন্দ্বের জেরেই এ পরিস্থিতির উদ্ভব হয়েছে। তবে সিদ্ধান্তটি এসেছে কেন্দ্র থেকে, এবং চার নেতার বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় কারণ দর্শানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।



