শহীদ মিনার নয়, ৩ আগস্ট ছাত্রদলের সমাবেশ হবে শাহবাগে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০১:০৫ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী ছাত্রদল ৩ আগস্টের পূর্বঘোষিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে এবার সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর শাহবাগে। বুধবার (৩০ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, “রাজনৈতিক সহাবস্থান ও উদারতার জায়গা থেকেই আমরা শহীদ মিনার থেকে শাহবাগে স্থানান্তর করছি। যদিও এটি আমাদের জন্য বিব্রতকর ও প্রস্তুতিতে জটিলতা তৈরি করেছে, তবু নগরবাসীকে যেকোনো অনিচ্ছাকৃত ভোগান্তির জন্য আমরা আগাম দুঃখপ্রকাশ করছি।”
রাকিব জানান, জুন মাসে ছাত্র সমাবেশের কর্মসূচি ঘোষণা করে ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অনুমতির জন্য আবেদন করে ছাত্রদল। পরে ২৬ জুন প্রক্টর অফিস থেকে শহীদ মিনারে কর্মসূচির অনুমতি দেওয়া হয়।
তবে একই দিনে একই স্থানে জাতীয় নাগরিক পার্টিও সমাবেশের আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় তাদের পক্ষ থেকে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ আসে। নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা ছাত্রদলের সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগও করেন।
রাকিব আরও বলেন, “আমরাই প্রথম অনুমতি নিয়েছি, তাই শহীদ মিনারে সমাবেশের বৈধ দাবিদার ছিলাম। কিন্তু গণতান্ত্রিক সহাবস্থানের প্রতি শ্রদ্ধা রেখে আমরা উদারভাবে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।”
ছাত্রদল জানায়, শাহবাগে নতুন সমাবেশস্থলের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং কর্মসূচির তাৎপর্য ঠিক রেখে সফল আয়োজনের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।



