চলমান পরিস্থিতি উত্তরণে দ্রুত নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
চলমান রাজনৈতিক সংকট ও প্রশাসনিক জটিলতার উত্তরণে দ্রুত নির্বাচন করে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৩ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন। আমরা তাকে নির্বাচন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ও ফেব্রুয়ারি সময়সীমা বাস্তবায়নের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছি।” তিনি জানান, সরকার ফেব্রুয়ারিকে লক্ষ্য রেখে এগোচ্ছে বলেই মনে হচ্ছে।
তিনি আরও বলেন, “রাজনৈতিক সরকার ছাড়া দেশের সমস্যা আরও গভীর হতে পারে। আমরা সরকারকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি।” একই সঙ্গে তিনি নির্বাচনের বিষয়ে নির্দিষ্ট ঘোষণা দিয়ে অস্পষ্টতা দূর করার অনুরোধ জানিয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদে, দলের উপদেষ্টা পরিষদ সদস্য বিজন কান্তি সরকারসহ ২০ জন নেতা।
বিমান দুর্ঘটনা প্রসঙ্গে মহাসচিব বলেন, “উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশ করেছেন।” তিনি ঘটনার পর সৃষ্ট প্রশাসনিক জটিলতা, শিক্ষার্থীদের আন্দোলন ও পরীক্ষা স্থগিত প্রসঙ্গেও হতাশা প্রকাশ করেন।
শিক্ষা সংকট ও সরকারের দায়িত্বশীলতা প্রসঙ্গে ফখরুল বলেন, “ক্রাইসিস তৈরি হলে প্রধান উপদেষ্টা আমাদের ডাকেন, আমরা যাই। তবে এ ধরনের যোগাযোগ আরও নিয়মিত হলে সমস্যা আগেভাগেই প্রতিরোধ করা সম্ভব হতো।”
গণতন্ত্রের বিষয়ে তিনি বলেন, “গণতন্ত্র মানেই হচ্ছে সব পক্ষকে কথা বলার সুযোগ দেওয়া, প্রতিপক্ষকে যুক্তির মাধ্যমে মোকাবিলা করা।”
জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব নিয়ে তিনি বলেন, “এটি একটি প্রস্তাব মাত্র, আলোচনা চলছে—সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত আসবে।”



