শোকের সময় সংহতি ও সহনশীলতার আহ্বান তারেক রহমানের
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৪:২৪ পিএম
জাতির শোকের মুহূর্তে বিভেদ নয়, বরং সংহতি ও সহানুভূতির ভিত্তিতে সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতির এই শোকের সময়ে আমি সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি। বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে আমাদের সহনশীলতা ও আত্মসংযমের ওপর ভিত্তি করে একটি মানবিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তারেক রহমান এই আহ্বান জানান।
বিবৃতিতে তারেক রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এই সকল গোষ্ঠীর বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকা উচিত।
তারেক রহমান আরও বলেন, এর পরিবর্তে আমাদের উচিত জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়া এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে মনোযোগ দেওয়া। আমাদের শক্তি ব্যয় হোক- নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে।
তারেক রহমান বলেন, প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমাদের হৃদয়ের গভীর অনুভূতি ও সহমর্মিতা জানাচ্ছি। বাংলাদেশকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতির মাধ্যমে মোকাবিলা করতে হবে।



