Logo
Logo
×

রাজনীতি

জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়েছেন সারজিস আলম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৩:৫৯ পিএম

জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়েছেন সারজিস আলম

ছবি- সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি সমাবেশস্থলে উপস্থিত হন এবং মূল মঞ্চে জামায়াতের নেতাদের পাশে বসে থাকতে দেখা যায় তাকে।

এই জাতীয় সমাবেশে জামায়াত ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয় দুপুর ২টা ৪ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যদিও সকাল থেকেই শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। মূল পর্বে ৭ দফা দাবিতে আয়োজনটি এগিয়ে চলে, যার মধ্যে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের প্রস্তাব বিশেষভাবে গুরুত্ব পায়।

দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগানে মুখরিত হয়ে ওঠেন এবং তিনি হাত নেড়ে তাদের অভিবাদন জানান। সকাল ৯টা ২৫ মিনিটে সমাবেশে উপস্থিত হন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষস্থানীয় নেতারা।

সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে গত রাত থেকেই নেতা-কর্মীরা উদ্যানের আশেপাশে অবস্থান নেওয়া শুরু করেন। সকালেই হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রমনা পার্কসহ উদ্যানের বাইরেও ছিল দলীয় সমর্থকদের সরব উপস্থিতি।

বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আগত নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে পৌঁছান। অনেকের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ শোভা পাচ্ছিল। প্রতীকসংবলিত টি-শার্ট, পাঞ্জাবি পরে তারা কর্মসূচিকে উৎসবমুখর পরিবেশে রূপ দেন।

জামায়াতের সাত দফা দাবিতে নির্বাচনকে কেন্দ্র করে গণতান্ত্রিক সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, অতীতের গণহত্যার বিচার এবং প্রবাসী ভোটারদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়গুলো উঠে আসে। এই সমাবেশ গণতান্ত্রিক চেতনা ও জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন