১৪, ১৮ ও ২৪ মার্কা যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১১:৪৩ এএম
ছবি- সংগৃহীত
শনিবার সকাল ৭টায় ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক পথসভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনকে ঘিরে দলীয় অবস্থান স্পষ্ট করেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে ওঠেনি। অতীতের মত “১৪, ১৮, ও ২৪ মার্কা” ভোটের আলামত লক্ষ্য করা যাচ্ছে, যা ভোট জালিয়াতির ইঙ্গিত দেয়। তিনি বলেন, "এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। মানুষ অতীতে রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবার রক্তের বিনিময়ে সেই পরিবর্তন সফল করব।"
জামায়াত আমির বলেন, "আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, বরং ফ্যাসিবাদ নামক অন্যায়ের বিরুদ্ধে। এটা পুরনো বা নতুন—যেমনই হোক, আমরা লড়াই চালিয়ে যাব। যতদিন এই ফ্যাসিবাদ টিকে থাকবে, ততদিন সংগ্রাম চলবে।"
তিনি ছাত্র, যুবক, শ্রমিক শ্রেণির প্রতি উদ্দীপনামূলক বার্তা দিয়ে বলেন, অতীতে যেভাবে তারা বুক চিতিয়ে অধিকার আদায়ের সংগ্রামে এগিয়েছিল, ভবিষ্যতেও সেই চেতনা ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। "আমরা এমন একটি সমাজ রেখে যেতে চাই, যেখানে কিশোর-তরুণেরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে।"
চাঁদাবাজ ও দখলবাজমুক্ত সমাজ গঠনের জন্য আল্লাহর আইনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। সবাইকে এই আইনের প্রতি আহ্বান জানান।
পথসভায় আরও বক্তব্যে রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির, মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৮ বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল। মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।



