আরেক দফা সহিংসতা ও দমন-পীড়নের ভার বহনের সাধ্য বাংলাদেশের নেই
ডেভিড বার্গম্যান
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
আওয়ামী লীগকে সহিংসতার উসকানি বন্ধ করে ২০২৪ সালের জুলাইয়ের ঘটনার দায় স্বীকার করতে হবে। সরকারকেও নির্বিচার আটক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের মাধ্যমে এর জবাব দেওয়া বন্ধ করতে হবে।
যারা মনে করেন, আওয়ামী লীগ একদিন রাজনীতিতে ফিরবে, ফেরা উচিত; তাদের সেই চিন্তাকে ক্রমেই কঠিন করে তুলছে দলটি। গত এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় সহিংসতা চলেছে। এসব ঘটনায় ১৪ থেকে ১৯ নভেম্বরের মধ্যে অন্তত চারজন নিহত হয়েছেন। এগুলো কেবল স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ড নয়। ভারতে পলাতক দলটির নেতারা পেছন থেকে এর উসকানি দিয়েছেন বলে প্রমাণ রয়েছে।
সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে একটি অডিও রেকর্ডিং শেয়ার করেছেন। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীকে দলটির নেতাকর্মীদের যোগাযোগের জন্য ব্যবহৃত টেলিগ্রাম চ্যানেলগুলোর একটিতে বক্তব্য দিতে শোনা যায়। সেখানে তিনি প্রতিটি ইউনিটকে নির্দেশ দেন, ১৯ নভেম্বর ‘দিনে সাহস না পেলে রাতে’ প্রত্যেকে ‘একটা করে ইউনিয়নে দুইটা-তিনটা বাড়ি পুড়িয়ে দিতে’, যাতে সবাই বুঝতে পারে ‘আওয়ামী লীগ পাল্টা আক্রমণ শুরু করেছে’। তিনি দলটির কর্মীদের আরও বলেন, ‘এক জায়গা চুপ কইরা বইসা থাইকা বিএনপি পাইলে, আট-দশজন বইসা দুইজন পাইলে বাইরায়া (পিটিয়ে) ল্যাংড়া কাইরা দিয়া উধাও হইয়া যাবি। দুইডা-চাইরডা হসপিটালে পাঠা। দরকার হইলে মইরা যায় যাইকগা।’ এর জন্য লাঠি, শিকলসহ যা পাওয়া যায় তাই ব্যবহার করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ওদেরকে ৩০ তারিখের মধ্যে ক্ষমতা থিকা উৎখাত করতে হবে।’
এটা শুধু অগ্নিসংযোগ ও গুরুতর হামলার উসকানি নয়; মাত্র নয় মাস আগে নির্বাচিত একটি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বানও। এ বিষয়ে জানতে চাইলে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হওয়া নির্যাতনের প্রসঙ্গ তুলে এসব সহিংসতাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন দলটির একজন মুখপাত্র, যিনি বর্তমানে ভারতে পলাতক এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অনুপস্থিতিতে দণ্ডিত।
কিন্তু, এ ধরনের ক্ষোভ থেকে নতুন করে সহিংসতা বা নাগরিকদের লক্ষ্যবস্তু করা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না।
বাংলাদেশে ক্ষমতার বাইরে থাকা কোনো দলের সহিংসতার পথে হাঁটার নতুন ঘটনা এটি নয়। এর সাম্প্রতিকতম ও তুলনাযোগ্য ঘটনা ঘটেছিল ২০১৫ সালের জানুয়ারিতে। ২০১৪ সালের একতরফা নির্বাচনের এক বছর পর বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ ও হরতালে তিন মাস দেশ প্রায় অচল ছিল। বাসে পেট্রলবোমা হামলায় প্রাণ হারিয়েছিলেন বহু সাধারণ মানুষ। তবে তখনকার সঙ্গে বর্তমান পরিস্থিতির বড় একটি পার্থক্য রয়েছে। সে সময় সহিংসতার পেছনে বিএনপি নেতাদের ভূমিকার অকাট্য প্রমাণ হিসেবে কোনো ফাঁস হওয়া অডিও রেকর্ডিং ছিল না। কিন্তু, এখনকার সহিংসতাগুলোতে যে আওয়ামী লীগ নেতারা উসকানি দিচ্ছেন, সেটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে।
তখনকার মতো এখনো ক্ষমতার বাইরে থাকা দলটি মনে করে, সহিংসতার পেছনে তাদের ন্যায্য যুক্তি রয়েছে। বিএনপির নেতাকর্মীরা গুমের শিকার হয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অনুষ্ঠিত নির্বাচনে দলটি অংশ নেয়নি এবং তাদের ওপর ব্যাপক দমন-পীড়ন করা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদের পথ বন্ধ করে দেওয়া এবং ভিন্নমত প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করার পর অনেক সমর্থক অগ্নিসংযোগসহ দলটির বিভিন্ন কর্মকাণ্ডকে প্রতিবাদের একমাত্র উপায় হিসেবে দেখেছিলেন। যদিও বিএনপি বরাবরই এসব ঘটনার দায় অস্বীকার করেছে। বর্তমানে আওয়ামী লীগও বৈধভাবে তাদের কার্যক্রম চালাতে না পারা এবং দলের নেতাকর্মীদের নির্বিচার গ্রেপ্তারকে কারণ হিসেবে দেখিয়ে সংঘাত ও সহিংসতা চালিয়ে যাচ্ছে।
তবে এ ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। মাত্র বছর দুয়েক আগে ক্ষমতায় থাকার শেষ দিনগুলোতে আওয়ামী লীগের ছত্রছায়ায় শত শত মানুষকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও শিক্ষার্থীরাও ছিল। এসব হত্যাকাণ্ডের বেশির ভাগই ঘটিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে আজ পর্যন্ত দলটি কোনো অনুশোচনা দেখায়নি। উল্টো পরিকল্পিতভাবে নৃশংসতার ঘটনা অস্বীকার করেছে এবং দায় এড়াতে অপতথ্য ছড়িয়েছে।
এ ছাড়া, বিরোধী দলে থাকার সময় বিএনপি কোনো থানায় কিংবা প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়নি, যেমনটি এখন আওয়ামী লীগ করছে বলে অভিযোগ উঠছে।
তাহলে বাংলাদেশ এখন কোন পথে এগোবে?
অনেক রাজনীতিবিদ ও বিশ্লেষক আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী’ দল আখ্যা দিয়ে বলছেন, রাজনীতিতে দলটির কোনো ভবিষ্যৎ নেই। এটা বিস্ময়কর নয়। তবে এটাও মনে রাখতে হবে, ২০১৫ সালে বিএনপিকে নিয়েও একই ধরনের কথা বলা হচ্ছিল। দেশের স্বাধীনতা এবং এর অনেক গুরুত্বপূর্ণ মূল্যবোধের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি দলকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে রাখা টেকসই বা কাম্য কোনোটিই নয়। তবে, রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগে পরিবর্তন আনতে হবে। সবচেয়ে বেশি পরিবর্তন প্রয়োজন আওয়ামী লীগ ও দলটির সমর্থকদের মধ্যে। পাশাপাশি সরকারেরও কিছু বিষয়ে পরিবর্তন করতে হবে।
প্রথমত, ২০২৪ সালের সহিংসতার জন্য দায়ী অনেককে আশ্রয় দিয়ে রাখায় ভারতের একটি ভূমিকা রয়েছে। অন্তত শেখ হাসিনা ও সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের স্পষ্ট করে জানানো উচিত, বাংলাদেশে সহিংসতায় উসকানি না দিলেই কেবল তারা ভারতে থাকতে পারবেন।
দ্বিতীয়ত, আওয়ামী লীগ। আগামী নির্বাচনে অংশ নেওয়ার আশায় শেখ হাসিনা যদি রাজনীতিতে ফেরার পথ খুঁজতে চান, তাহলে তার এবং তার নেতাদের কৌশল বদলাতে হবে। সহিংসতায় উসকানি দেওয়া বন্ধ করতে হবে, হাসিনার নাটকীয়ভাবে ফিরে আসার চেষ্টা বন্ধ করতে হবে। এ ধরনের কৌশল কেবলমাত্র চলমান অস্থিতিশীল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে।
দলটির নেতৃত্বকে ২০২৪ সালের জুলাইয়ে যা ঘটেছে, তা অস্বীকার করার অবস্থান থেকে সরে আসতে হবে এবং প্রাণঘাতী বল প্রয়োগের জন্য প্রকাশ্যে কোনো না কোনোভাবে অনুশোচনা প্রকাশ করতে হবে। দলটির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অনেকেই এটা করতে আগ্রহী হবেন। তবে হাসিনা ও তার ঘনিষ্ঠ মহলের মধ্যে এমন আগ্রহ আছে কি না, তা মোটেও স্পষ্ট নয়। যদি তারা সেটা না পারেন, তাহলে দলের ভবিষ্যতের স্বার্থেই এমন ব্যক্তিদের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, যারা পরিবর্তন চায়।
তৃতীয়ত, বিএনপি সরকার। সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে তাদের বিচারের আওতায় আনতে হবে। তবে সহিংসতার জবাব দমন-পীড়নের মাধ্যমে দেওয়া থেকে সরকারকে বিরত থাকতে হবে। আওয়ামী লীগ কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হলে দলটির ক্ষোভ আরও বাড়বে এবং তারা নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরার সুযোগ পাবে। বিএনপি সরকারের কৃতিত্বের বিষয় হলো, মাঠপর্যায়ে এখন পর্যন্ত তাদের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে সংযত এবং কোথাও গুলি চালানো হয়নি।
২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ আমলের অন্যান্য অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে সরকারকেও নিজেদের আইনি ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হবে। কিছু বিচারিক কার্যক্রম অবশ্যই বৈধ। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিবিদ, কর্মী ও সমর্থকদের নির্বিচারে আটকে রাখা নিন্দনীয়। তাদের অনেককে কোনো অভিযোগ ছাড়াই এবং কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ ছাড়াই দুই বছরের বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। একইভাবে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অপেশাদারভাবে পরিচালিত বহু বিচারিক কার্যক্রমও নিন্দনীয়। এসবের শুরু অন্তর্বর্তী সরকারের আমলে, যা এখনো চলছে। এ ধরনের কর্মকাণ্ড অন্যায় এবং সেগুলো আওয়ামী লীগের ক্ষোভ আরও উসকে দিচ্ছে।
সরকারের উচিত আটককৃতদের শর্তসাপেক্ষে জামিন দেওয়া। পাশাপাশি জুলাই হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আনা অন্যান্য অপরাধের অভিযোগে আটক বা বিচারাধীন প্রত্যেকের বিরুদ্ধে থাকা প্রমাণ পর্যালোচনার জন্য অবিলম্বে একটি স্বাধীন ও পেশাদার পর্যালোচনা কমিটি গঠন করা। এর জন্য প্রয়োজনে জাতিসংঘের সহায়তা নেওয়া যেতে পারে। গুরুতর অপরাধের প্রকৃত ও পর্যাপ্ত প্রমাণ থাকলে সুষ্ঠু বিচারের মানদণ্ড নিশ্চিত করতে আইনি পরিবর্তন এনে বিচার চালিয়ে যেতে হবে। আর প্রমাণ না থাকলে মামলাগুলো প্রত্যাহার করতে হবে।
শান্তিচুক্তির আদলে উভয় পক্ষের এ ধরনের উদ্যোগ আরও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ তৈরি করার ন্যূনতম শর্ত। আওয়ামী লীগের মধ্যে পরিবর্তন দৃশ্যমান হলে দলটির কর্মকাণ্ডের ওপর আরোপিত বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করা যেতে পারে। এরপর সরকার সংলাপের বিষয়টি বিবেচনা করতে পারে এবং এর জন্য প্রয়োজনে আন্তর্জাতিক মধ্যস্থতার সহযোগিতাও নিতে পারে। জাতিসংঘও সত্য উদ্ঘাটন ও রিকনসিলিয়েশন প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়তা করতে পারে।
আপাতত একটি বিষয় নিশ্চিত—আওয়ামী লীগ যদি নিকট ভবিষ্যতে রাজনীতিতে ফিরতে চায়, তাহলে দলটিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে এবং সেটা দৃশ্যমান করতে হবে। গত এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে চলা সহিংসতা অব্যাহত রাখলে সেটা আর শুধু রাজনৈতিক ভুল ও নৈতিক ব্যর্থতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সেইসঙ্গে দেশের মানুষের মধ্যে দলটির প্রতি ক্ষোভ আরও বাড়িয়ে দেবে।
বহু বছর ধরে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন ডেভিড বার্গম্যান। এক্সে তার হ্যান্ডল @TheDavidBergman



