যুক্তরাষ্ট্রের ভিসা নবায়নে বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:২৮ পিএম
ছবি- সংগৃহীত
পর্যটন ভিসা নিয়ে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন তাদের ভিসা নবায়ন নিয়ে দুঃসংবাদ দিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে পর্যটন ভিসার (B1/B2) অপব্যবহারকে তারা ‘বার্থ ট্যুরিজম’ হিসেবে বিবেচনা করছে এবং এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
শনিবার (১৪ জুন) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, অনেক ভিনদেশি বাবা-মা পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন শুধু সন্তান জন্ম দেয়ার উদ্দেশ্যে। তারা তাদের চিকিৎসা খরচের জন্য সরকারি সহায়তা ব্যবহার করেন।
বার্তায় আরও বলা হয়, অনেক ভিনদেশি বাবা-মা শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে আসেন এবং চিকিৎসা খরচের জন্য সরকারি সহায়তা গ্রহণ করেন। এই ব্যয় আমেরিকার করদাতাদের ওপর চাপ সৃষ্টি করে। ভবিষ্যতে এই অভিভাবকরা তাদের ভিসা নবায়নেরও যোগ্যতা হারাতে পারেন।
যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব লাভ করে—মার্কিন সংবিধানের এই বিধানকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরেই ‘অ্যাঙ্কর বেবি’ কৌশলের আশ্রয় নিচ্ছেন অনেক বিদেশি দম্পতি। এই পদ্ধতিতে কেউ কেউ সন্তানের মাধ্যমে পরবর্তীতে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের পথ খোঁজেন। তবে মার্কিন কর্তৃপক্ষ এখন সেই প্রবণতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে।



