প্রাইমএশিয়ার পারভেজ হত্যা, শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৩:১৯ পিএম
ফারিয়া হক টিনা
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবার গ্রেপ্তার করা হয়েছে ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারিয়া হক টিনাকে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো সাতজনে।
এর আগে এই মামলায় প্রধান আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে এবং হৃদয় মিয়াজীকে কুমিল্লার তিতাস থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাহাথির হাসান ও মো. আল কামাল শেখ নামের দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা এখন কারাগারে। মামলায় আরও গ্রেপ্তার আছেন আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানি।
গত ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসংলগ্ন এলাকায় সিঙ্গারা খাওয়ার সময় সহপাঠীদের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে ছুরিকাঘাতে নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পাশে থাকা ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী পারভেজের বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ তোলেন এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান। যদিও পারভেজ পরে ক্ষমা চান এবং অভিযোগ অস্বীকার করেন। তবে ঘটনার কিছু সময় পরই বহিরাগতরা এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ‘বৈষম্যবিরোধী আন্দোলন’-এর দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।



