পতিত স্বৈরাচার দেশের মাটিতে কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করে বলেন, বিদেশ থেকে অডিও ও ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসে উসকানি দেওয়া হচ্ছে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতামূলক কর্মকাণ্ডের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা সফল হবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার বার্ষিক ইসলাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী, আলেম-বিদ্বেষী ও পরনির্ভরশীল কোনো পতিত শক্তি যদি পুনরায় রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করে, তাহলে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। তিনি জানান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সারা দেশের নাগরিকদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও অটুট থাকবে।
গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মত ও আদর্শ থাকা স্বাভাবিক। মতপার্থক্য ও বিতর্কও থাকবে। তবে দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই। সেই ঐক্যকে আরও শক্তিশালী করে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী আয়োজিত এই বাৎসরিক মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার ওলামায়ে কেরাম অংশ নেন। দ্বিতীয় দিনের কর্মসূচিতে মাদ্রাসা প্রাঙ্গণে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।



