জ্বালানি চাহিদা মেটাতে ৬ লাখ ২৫ হাজার টন তেল আমদানির অনুমোদন
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম
আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে প্রায় ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।
বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চারটি পৃথক প্যাকেজের আওতায় ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করবে। এর মধ্যে তিনটি প্যাকেজে জ্বালানি তেল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড এবং একটি প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
আমদানি তালিকায় রয়েছে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন।
বিপিসির প্রস্তাব অনুযায়ী, একটি প্যাকেজের আওতায় ৬০ হাজার টন ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে নির্বাচিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি
বৈঠকে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
এবার প্রতি টন গম কেনা হবে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলারে, যা গত বছরের তুলনায় ৩৫ দশমিক ৫০ ডলার বেশি। ফলে শুধু মূল্যবৃদ্ধির কারণে গম আমদানিতে অতিরিক্ত প্রায় ১৯৫ কোটি টাকা ব্যয় হবে।
সার, চিনি ও অবকাঠামো উন্নয়নেও অনুমোদন
বৈঠকে কানাডা, সৌদি আরব এবং কাফকো থেকে মোট ৫৪৩ কোটি টাকার সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৮২ কোটি টাকার চিনি ও মসুর ডাল কেনার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
অবকাঠামো উন্নয়ন খাতে খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১২৬ কোটি ৩৫ লাখ টাকার দুটি প্রকল্প অনুমোদন পায়। পাশাপাশি কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া চট্টগ্রাম-দোহাজারী রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে একটি চীনা প্রতিষ্ঠান।
সরকারি সূত্রগুলো জানিয়েছে, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই এসব ক্রয় ও উন্নয়ন প্রস্তাব অনুমোদন করা হয়েছে।



