Logo
Logo
×

জাতীয়

মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের

রাখাইন রাজ্যের অস্থিতিশীলতা বিদ্যমান সংযোগ পরিকল্পনার সামনে চ্যালেঞ্জ তৈরি করায় মিয়ানমার হয়ে চীনের কুনমিং অঞ্চলের সঙ্গে যুক্ত হতে নতুন একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব করেছে বাংলাদেশ।

প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, এটি আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করতে পারে।

আজ বুধবার ঢাকায় বাংলাদেশ–চীন সম্পর্ক নিয়ে ‘ঢাকা ফোরাম ২০২৬’ আলোচনার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এশিয়ার পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত করিডোরটিকে কেবল একটি অবকাঠামোগত প্রকল্প হিসেবে দেখলে চলবে না, বরং এটিকে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীকরণ এবং কার্যকরী সহযোগিতার একটি বৃহত্তর রূপরেখা হিসেবে দেখা উচিত।

তিনি আরও বলেন, ‘তবে এর বাস্তবায়নের জন্য রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট অংশীদারদের অর্থনৈতিক স্বার্থ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন।’

করিডোরটি গড়ে তোলার বাস্তবসম্মত পথ চিহ্নিত করতে ইসমাইল প্রমাণভিত্তিক মূল্যায়ন, সম্ভাব্যতা সমীক্ষা এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনাসহ জোরদার গবেষণা ও নীতিগত সংলাপের আহ্বান জানান।

তিনি বলেন, চিকিৎসা পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় সহজতর করতে চীনের কুনমিং অঞ্চলের সঙ্গে যোগাযোগ জোরদার করা বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, ‘যদিও একটি তেল ও গ্যাস পাইপলাইন কুনমিংকে মিয়ানমারের কিয়াকফিউয়ের সঙ্গে সংযুক্ত করেছে, তবুও একটি পূর্ণাঙ্গ এবং বাণিজ্যিকভাবে কার্যকর সড়ক ও রেল নেটওয়ার্ক এখনো প্রতিষ্ঠিত হয়নি।’

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা বলেন, ‘কিয়াকফিউ বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ সমুদ্রপথে চট্টগ্রাম থেকে এর দূরত্ব প্রায় ৩৬৭ কিলোমিটার। কুনমিং ও কিয়াকফিউয়ের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং সেটিকে বাংলাদেশের সাথে সামুদ্রিক রুটে একীভূত করা গেলে চীন, মিয়ানমার ও বাংলাদেশকে সংযুক্তকারী একটি নতুন অর্থনৈতিক করিডোর তৈরি হতে পারে।’

তিনি বলেন, চীনের রুইলি থেকে কক্সবাজার পর্যন্ত একটি সরাসরি পথ আরও বেশি সুবিধাজনক হতো, কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান অস্থিতিশীলতা একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

সুষ্ঠু আঞ্চলিক বাণিজ্য, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য রাখাইনের স্থিতিশীলতা অপরিহার্য উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, মিয়ানমারের সঙ্গে চীনের প্রভাব ও সম্পর্কের কারণে চীন রাখাইন এবং সামগ্রিক অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা পালন করবে।

চীন আরও শক্তিশালী যোগাযোগ চায়

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউয়িন বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় চীনের পূর্ণ সমর্থন রয়েছে। একইসঙ্গে, দেশের নিজস্ব বাস্তবতার আলোকে নিজস্ব উন্নয়নের পথ বেছে নেওয়ার সিদ্ধান্তকেও চীন শ্রদ্ধা করে।

তিনি বলেন, ‘ফোরামের দুটি বিষয়ভিত্তিক অধিবেশনে দুটি মূল বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে যা বাংলাদেশ ও চীনের যৌথভাবে সমাধান করা প্রয়োজন—বন্দর ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ।’

বন্দর অবকাঠামো প্রসঙ্গে লিউ বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে রপ্তানিমুখী শিল্পকে সহায়তা করতে এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় অংশ নিতে বাংলাদেশের বন্দর ও সামুদ্রিক নানা সুযোগ-সুবিধার উন্নয়ন অপরিহার্য।

তিনি বলেন, ‘বন্দর পরিকল্পনা, নির্মাণ, পরিচালনা, ব্যবস্থাপনা এবং সমন্বিত উন্নয়নে চীনের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘অবকাঠামোগত দক্ষতাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির দৃশ্যমান চালিকাশক্তিতে রূপান্তর করতে বন্দর উন্নয়ন, বাণিজ্য, শিল্প উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে পেশাগত অভিজ্ঞতা বিনিময়  জোরদার করতে চীন প্রস্তুত।

আঞ্চলিক যোগাযোগ প্রসঙ্গে লিউ বলেন, বঙ্গোপসাগর সংলগ্ন কৌশলগত ভৌগোলিক সুবিধাসহ বাংলাদেশ দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ-পশ্চিম চীনকে সংযুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ‘চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক যোগাযোগ জোরদার করা দুই দেশের যৌথ বোঝাপড়ারই প্রতিফলন।’

করিডোরটির বাস্তব অবস্থা এবং উন্নয়নের সম্ভাবনা যৌথভাবে মূল্যায়ন করতে, চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠভাবে পর্যালোচনা করতে এবং সামনে এগিয়ে যাওয়ার সম্ভাব্য উপায়গুলো খুঁজে বের করতে তিনি একটি বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির আহ্বান জানান।

লিউ আরও বলেন, ‘উভয় দেশের উচিত নির্দিষ্ট প্রকল্প এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করা এবং করিডোরের উন্নয়নের জন্য উপযুক্ত পরিবেশ ধাপে ধাপে তৈরি করা, যেন এটি আঞ্চলিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে আরও ভালোভাবে অবদান রাখতে পারে।’

ঢাকায় চীনা দূতাবাস এবং সেন্টার ফর চায়না স্টাডিজের সহায়তায় বিআইআইএসএস এবং বাংলাদেশ-চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্নেন্স যৌথভাবে এই ফোরামের আয়োজন করে।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই ফোরামের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনটি শুরু হয়। এরপর সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. লিউ জংই বিশেষ বক্তব্য দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন