Logo
Logo
×

জাতীয়

দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ব্রিফ করবে সরকার। একই সঙ্গে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়েও বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিং হবে। শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আমন্ত্রিতদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। পরে সাইবার সুরক্ষা আইন নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে আমন্ত্রিতদের ব্রিফ করা হবে এবং তাদের মতামত জানতে চাওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো বিদেশি কূটনীতিকদের দুটি পৃথক ব্রিফের তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকাল নয়টায় বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের দেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রায় আধঘণ্টা স্থায়ী হতে পারে এ ব্রিফিং। মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সম্প্রতি দেশে যেসব ঘটনা ঘটেছে, সে বিষয়ে সরকারি ভাষ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে একটি ই-মেইল পাঠানোকে কেন্দ্র করে চলমান আলোচনার মধ্যে হঠাৎ দেশের কয়েকটি জেলায় রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। এমন প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দেশে যে সংঘাত হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন, তা বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরা হবে।

মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়ে মঙ্গলবার সকালে বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে পূর্বনির্ধারিত ব্রিফের আয়োজন ছিল। কিন্তু হঠাৎ করেই দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফের সিদ্ধান্ত হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশি কূটনীতিকদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়। সে জন্য পূর্বনির্ধারিত সাইবার সুরক্ষা আইন নিয়ে হতে যাওয়া ব্রিফটি আধঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।

সরকারের এক কর্মকর্তা বলেন, সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন আগে থেকে ছিল। সেখানে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন। সাইবার সুরক্ষা আইন নিয়ে আগেই মিশনগুলোর মতামত জানতে চাওয়া হয়। এখন আনুষ্ঠানিকভাবে (ফরমালি) তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে এবং মতামত চাওয়া হবে। এ বৈঠকের আগে দেশের চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার কথা রয়েছে।

মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানিয়েছে, সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ধারণা করা হচ্ছে, দুটি পৃথক ব্রিফ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন