সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারে বিজিবি মহাপরিচালকের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম
সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।
রোববার (২২ নভেম্বর) সকালে বিজিবি মহাপরিচালক কুমিল্লা সেক্টর সদর দপ্তরে যান এবং কুমিল্লা সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত নজরদারি কার্যক্রম ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন এবং সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে নিরাপত্তা ব্যবস্থা, টহল কার্যক্রম ও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পরবর্তীতে বিজিবি মহাপরিচালক সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন। সেখানে তিনি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সীমান্তের স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সীমান্ত অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পুশ ইন প্রতিরোধ সহ বিতর্কিত ব্যক্তিবর্গ প্রবেশ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় অপারেশনাল ও প্রশাসনিক দিকনির্দেশনা প্রদান করেন।
মহাপরিচালকের এ পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়কগণ উপস্থিত ছিলেন।



