Logo
Logo
×

জাতীয়

তারানা হালিমকে ধরতে গুলশানে পুলিশের অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

তারানা হালিমকে ধরতে গুলশানে পুলিশের অভিযান

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিম গুলশানের বাসায় ‘অবস্থান’ করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে বাসায় পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) বিকাল থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত রাজধানীর গুলশান-২ এলাকার ওই বাসায় পুলিশের উপস্থিতি দেখা যায়।

গুলশান থানার ওসি (অপারেশন) ইসমাইল হোসেন খান যুগান্তরকে বলেন, আমাদের কাছে তথ্য ছিল তারানা হালিম গুলশানের একটি বাসায় আছেন, তবে সেখানে তাকে পাওয়া যায়নি।  

চব্বিশের আন্দোলনে সরকারপতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি সংরক্ষিত নারী আসনের সাবেক এই সংসদ সদস্যকে।

গুলশানে তারানা হালিম যে বাড়িতে থাকেন সেটির নিরাপত্তা কর্মী দারোয়ান শরিফ মিয়া শনিবার বলেন, বিকাল ৩টার পর পুলিশ সেখানে আসে। তারা মালপত্র নামিয়েছে। তবে বাসায় ‘স্যার’ ছিলেন না। 

‘স্যার’ বলতে তারানা হালিমকে বোঝানো হচ্ছে কিনা, জানতে চাইলে শরিফ ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।

তিনি বলেন, উনিতো এমপি আছিল। উনিতো গেছেই গা, দেশ ছাইড়া পলায়া। স্যারের বাসা চারতলায়। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিল। কিছু বের করে নাই। ভেতরে নাই তো কেউ। মানুষ তো নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।

ঘটনাস্থলে অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যকে দেখা গেছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। বাসার সামনে একটি মালবাহী পিকআপও দেখা যায়। পুলিশের পাশাপাশি ওই ভবন ও গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীদেরও সেখানে দেখা যায়।

তারানা হালিম আওয়ামী লীগ সরকারে ২০১৮ সালে তথ্য ও টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি আইন পেশাতেও তিনি পরিচিত মুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন