গণহত্যার রায় মিলল, কিন্তু রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার পথ কি খুলবে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম
এর চেয়ে চূড়ান্ত আর কিছু হতে পারে না। বিশ্বের সর্বোচ্চ আদালত মিয়ানমারকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছেন। এর বিরুদ্ধে আপিল করারও কোনো সুযোগ নেই। জাতিসংঘের এই আদালত আরও বলেছেন, গণহত্যা সনদের অন্যান্য বিধান লঙ্ঘনের পাশাপাশি মিয়ানমার গণহত্যা প্রতিরোধ বা দোষীদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে।
এ রায়ের মাধ্যমে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) প্রথমবারের মতো বেশ কিছু নজির স্থাপন করেছে। এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গাজা গণহত্যা মামলার ওপর এর প্রভাব পড়তে পারে বিবেচনায়ও বিষয়টি ব্যাপক আলোড়ন তুলেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, মিয়ানমার অথবা বাংলাদেশের জন্য এই রায় আসলে কী অর্থ বহন করে?
বাস্তবতার নিরিখে বলতে গেলে, তাৎক্ষণিকভাবে খুব একটা কিছু বদলানোর সম্ভাবনা নেই।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী, আদালতের নির্দেশনাগুলো মানা বাধ্যতামূলক। তাই দেশটির বর্তমান শাসক ও সাবেক সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংসহ সহিংসতার জন্য দায়ীদের শাস্তি দিতে নেপিদো বাধ্য। তবে বাস্তবে এমন কিছু ঘটার সম্ভাবনা কম।
আদালতের নির্দেশনা অনুযায়ী, গণহত্যা সনদ লঙ্ঘন করে—এমন সব কর্মকাণ্ড মিয়ানমারকে অবশ্যই বন্ধ করতে হবে। অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে—এ ধরনের নৃশংসতা আর কখনো ঘটবে না মর্মে নিশ্চয়তা দেওয়া, রোহিঙ্গাদের অধিকার ও সম্পত্তি পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়া ও তাদের ক্ষতিপূরণ দেওয়া। তবে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট অঙ্ক এখনো নির্ধারিত হয়নি।
কিন্তু মিয়ানমার যদি এই রায় না মানে, তাহলে কী হবে?
জাতিসংঘের এই আদালত অর্থাৎ আইসিজের নিজস্ব কোনো পুলিশ বাহিনী না থাকায় তাদের হাতে করার মতো খুব বেশি কিছু নেই। সেক্ষেত্রে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যায়, যেখানে সদস্য দেশগুলো প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতে খুব কমই সুফল মেলে। এর দুটি উদাহরণের দিকে তাকানো যাক।
নিকারাগুয়া বনাম যুক্তরাষ্ট্র মামলায় ১৯৮৬ সালে আইসিজে রায় দেন, নিকারাগুয়ার বন্দরগুলোতে মাইন পুঁতে রেখে এবং কন্ট্রা বিদ্রোহীদের অর্থ জুগিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আদালত যুক্তরাষ্ট্রকে এসব বন্ধ করতে এবং ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন। যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করে।
তখন নিকারাগুয়া নিরাপত্তা পরিষদের ওই বিধানের আশ্রয় নেয়। সেখানে আইসিজের রায় মেনে চলার আহ্বান জানিয়ে আনা একটি খসড়া প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে, তিনটি দেশ ভোটদানে বিরত থাকে এবং একটি ভেটো আসে। বলাই বাহুল্য, সেই ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র নিজেই। আর তাতেই প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে মিয়ানমার ছেড়ে আসার দ্বিতীয় বার্ষিকী পালন করতে ২০১৯ সালের ২৫ আগস্ট সমবেত হন রোহিঙ্গা শরণার্থীরা। ছবি: রয়টার্স
একইভাবে, ২০২২ সালের মার্চে আইসিজে রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান স্থগিত করার নির্দেশ দেন। রাশিয়া সেই আদেশ উপেক্ষা করে। ইউক্রেন তখন নিরাপত্তা পরিষদে যাওয়ার চেষ্টাই করেনি, কারণ রাশিয়ার হাতে ভেটো ক্ষমতা রয়েছে।
মিয়ানমারের প্রতি অনুকূল অবস্থান ধরে রাখা চীনের হাতেও ভেটো ক্ষমতা রয়েছে এবং দেশটি তা ব্যবহারও করতে পারে। অবশ্য ন্যায্যতা বজায় রেখে বলতে গেলে, এমন নজিরও আছে যেখানে এশিয়ার এই পরাশক্তি মিয়ানমারের পক্ষে ভেটো দেওয়া থেকে বিরত থেকেছে এবং প্রস্তাব পাস হতে দিয়েছে।
তবে ভেটো এলেও এ মামলার বাদী গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে তুলতে পারে। সাধারণ পরিষদ তখন মানা বাধ্যতামূলক নয় এমন প্রস্তাব পাস করতে পারে। এ ছাড়া জান্তা সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারের পথ আটকাতে অন্যান্য দেশের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপের সুযোগও রয়েছে।
এক্ষেত্রে মিয়ানমারের হাতে একটি বাস্তব অজুহাতও রয়েছে। দেশটি রাখাইন রাজ্যের বড় অংশই আরাকান আর্মির কাছে হারিয়েছে এবং বেশ কিছুদিন ধরেই সেখানে প্রকৃত অর্থে চরম অস্থিরতা চলছে, যদিও এর পেছনে কারণ একেবারে নেই, তা নয়।
ফলে আইসিজে এমন পরিস্থিতিতে মিয়ানমারকে রোহিঙ্গাদের ‘নিজ আবাসস্থলে নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন’ তত্ত্বাবধানের নির্দেশ দিচ্ছে, যে তারা অনায়াসেই বলতে পারে যে সংশ্লিষ্ট অঞ্চলটির ওপর তাদের নিয়ন্ত্রণই নেই। তাই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে হলে নেপিদোর পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করতে হবে। আর তাতে হয়তো চীনের নিশ্চয়তাও লাগবে। কিন্তু ২০১৭ সাল থেকে দশ লাখের বেশি রোহিঙ্গার আশ্রয়দাতা বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গায় পরিস্থিতির অগ্রগতি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই।
এটিও বোঝা জরুরি যে, আইসিজে মিন অং হ্লাইংকে গণহত্যার জন্য পুরোপুরি দায়ী করে রায় দিলেও তাতে স্বয়ংক্রিয়ভাবে তার কোনো সাজা হয়ে যাচ্ছে না। আইসিজে কেবল রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি করেন। এই আদালত কোনো ব্যক্তির বিচার নিয়ে কাজ করেন না। সেই এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি), যা ‘রোম সংবিধি’র অধীনে পরিচালিত হয়। আইসিসির প্রসিকিউটরের পক্ষ থেকে মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার একটি আবেদন আগে থেকেই ঝুলে আছে, যা এখন আরও বেশি ভিত্তি ও গ্রহণযোগ্যতা পাবে।
আইসিজের শীর্ষ বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় পড়ে শোনানোর সময় বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে নৃশংস যৌন সহিংসতা এবং শিশুদের লক্ষ্য করে সহিংসতা চালানোর প্রমাণাদিও এই ধারণাকেই সমর্থন করে যে, গোষ্ঠীটির মূল ভিত্তি ধ্বংস করে দেওয়ার একটি অভিপ্রায় সেখানে ছিল। কর্মকাণ্ডের পরিকল্পিত ও সুসংগঠিত ধরন থেকে আরও যুক্তিসংগতভাবে প্রতীয়মান হয় যে, মিয়ানমার গণহত্যার অভিপ্রায় নিয়েই এসব ঘটিয়েছে।’
এই রায়ে গণহত্যার ‘অভিপ্রায়’ প্রমাণের বিষয়টি নিয়ে আইসিজে বিস্তারিত পর্যালোচনা করেছে, যা ভবিষ্যতে মিয়ানমারের প্রেসিডেন্টকে কখনো আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তোলা গেলে তার বিরুদ্ধে শক্ত একটি মামলা দাঁড় করানোর সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।
আগেই যেমনটি উল্লেখ করা হয়েছে, এই মামলা নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে কারণ গাজায় গণহত্যার অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা যে মামলা করেছে, তাতেও আদালতের এই পর্যবেক্ষণগুলো সরাসরি তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। মামলাটি আগামী তিন-চার বছরের মধ্যে নিষ্পত্তি হতে পারে।



