Logo
Logo
×

জাতীয়

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালুর সিদ্ধান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালুর সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কমিটি। এ লক্ষ্যে পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদ সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় (মূলতবি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত উৎপাদনক্ষমতা নির্ধারণ, দরপত্র আহ্বান এবং এ-সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সরকারি ক্রয়বিধি (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি (স্পেসিফিকেশন) কমিটি গঠনের প্রস্তাব করা হয়।

এ ছাড়া প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনা-সংক্রান্ত বিষয়াদি যাচাই-বাছাইয়ের জন্য কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলমকে নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়।

সভায় ডিপিডিসির প্রণীত কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদ সচিবকে নির্দেশনা দেওয়া হয়।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন