দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫০৭ জনে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৫৩৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক লাখ ৬৫ হাজার ৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন মোট এক লাখ ৫৯ হাজার ৫২৮ রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬০৯ রোগী।
এতে আরও বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে ৩২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬, ময়মনসিংহে ৫৭, চট্টগ্রামে ২৯৭, খুলনায় ২৬৭, রাজশাহীতে ১২৩, রংপুরে ৩৮, বরিশালে ৩০৮ এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।



