প্রথমবার জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, দেশের জ্বালানি খাতে নতুন অধ্যায়
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম
দীর্ঘ প্রতীক্ষা ও একাধিক কারিগরি পরীক্ষার পর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। পরীক্ষামূলকভাবে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি বাণিজ্যিক উৎপাদন নয়। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা ও প্রযুক্তিগত কার্যকারিতা যাচাই করতেই পরীক্ষামূলকভাবে এই সংযোগ দেওয়া হয়েছে।
রূপপুর প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান বলেন, পরীক্ষামূলক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এরপর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করা হবে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, রিঅ্যাক্টর, টারবাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাইয়ের কাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটকে স্থায়ীভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, পারমাণবিক জ্বালানি থেকে সৃষ্ট তাপ দিয়ে বাষ্প তৈরি করা হয় এবং সেই বাষ্পের চাপেই টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপন্ন হয়। প্রাথমিকভাবে কেন্দ্রটি কম ক্ষমতায় পরিচালিত হবে। পরে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় নেওয়া হবে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) জানিয়েছে, বাণিজ্যিক উৎপাদনের আগে সব ধরনের নিরাপত্তা ও কারিগরি মানদণ্ড পূরণ হয়েছে কি না তা নিশ্চিত করা হবে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই পূর্ণমাত্রার বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
এদিকে সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ দল রূপপুর প্রকল্পের জরুরি প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিক্রিয়া সক্ষমতা পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে ২ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ যুক্ত হবে।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের সবচেয়ে বড় একক অবকাঠামো প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
বিদ্যুৎ খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, রূপপুর থেকে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ শুরু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, লোডশেডিং কমবে এবং জ্বালানি আমদানিনির্ভরতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



