Logo
Logo
×

জাতীয়

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার।

আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন।

প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ও কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।

সংশোধনী আইনের প্রস্তাবে বলা হয়েছে, বার কাউন্সিলের মতো প্রেস কাউন্সিলও সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতা পাবে। পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও থাকবে এই প্রতিষ্ঠানের।

মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের জন্য জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান আইনে অন্তর্ভুক্ত করা উচিত। এর মধ্যে মিথ্যা বা হয়রানিমূলক প্রতিবেদন কিংবা সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে, জানান তিনি।

এছাড়া সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন করে বা জনস্বার্থ ক্ষুণ্ন করে এমন সংবাদ প্রতিবেদন প্রকাশ কিংবা মুদ্রণকারী সংবাদপত্র, সংবাদমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে নিজ উদ্যোগে তদন্ত শুরু এবং আদেশ জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে কাউন্সিলের। গুজব, ভুয়া খবর বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রেও এ ক্ষমতা প্রয়োগ করা যাবে।

এদিকে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজেসহ সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সরকার নিয়মিত আলোচনা করছে ও পরামর্শ নিচ্ছে।

তিনি বলেন, এসব সংগঠনের পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে। সরকার মনে করে, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করা সাংবাদিক সংগঠনগুলোরই উপযুক্ত কাজ।

তিনি বলেন, ‘কে কোন পেশায় প্রবেশ করতে পারবেন বা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়।’

‘আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। একইসঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ,’ যোগ করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন