Logo
Logo
×

জাতীয়

শাপলা চত্বর হত্যাকাণ্ড

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ অনুষ্ঠিত শুনানিতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ আবেদন উপস্থাপন করেন।

শুনানিতে মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে সাবেক পুলিশপ্রধান একেএম শহীদুল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী দীপু মনি, আব্দুর রাজ্জাক ও আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা রয়েছেন।

শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবীরা প্রয়োজনীয় কিছু নথি না পাওয়ার বিষয়টি আদালতের নজরে আনেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা শেষে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে প্রসিকিউশন তাদের শুনানি শুরু করে।

প্রসিকিউশন শাপলা চত্বর ও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিবরণ আদালতের সামনে তুলে ধরে এবং ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানায়।

মামলার বাকি আসামিদের মধ্যে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা ও সাবেক নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা রয়েছেন। তারা বর্তমানে পলাতক বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৭ জুলাই প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং আটক আসামিদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

মামলায় দুটি পৃথক অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয় তুলে ধরা হয়েছে।

এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনালের পরবর্তী আদেশের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন