Logo
Logo
×

জাতীয়

মৃত্যুর আগের রাতে দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ

Icon

যুগের চিন্তা ২৪ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম

মৃত্যুর আগের রাতে দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা তদন্তে নতুন তথ্য পেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি। ওই সময় তার সঙ্গে ছিলেন এক তরুণী ও বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ অক্টোবর রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে যান তাহসিফ ও তার বান্ধবী। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রাত ১০টা ১৭ মিনিটে একটি মোটরসাইকেলে করে তারা সেখানে প্রবেশ করেন। কিছুক্ষণ পর অন্য একটি মোটরসাইকেলে সেখানে পৌঁছান দীপ।

মোটরসাইকেল পার্ক করে তিনজনই রেস্টুরেন্টের ভেতরে যান। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও তার বান্ধবী লিফটের সামনে দাঁড়িয়ে দীপের জন্য অপেক্ষা করছেন। পরে হেলমেট পরা অবস্থায় দীপ সেখানে পৌঁছালে তিনজন একসঙ্গে বারের লিফটে ওঠেন।

প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থানের পর তারা মোটরসাইকেলে করে বেরিয়ে যান। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, প্রথমে তাহসিফের বান্ধবীকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান।

তাহসিফের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে ওই রাতের চলাচল, বিভিন্ন স্থানে অবস্থান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।

এর আগে শনিবার বেলা সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, নিহত কে এম তাহসিফ সাউরি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে দীপ তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তাহসিফ।

পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পায়, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে এক ব্যক্তির মরদেহ ভাসছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুরতহাল প্রতিবেদনের সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।

পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পারেন, ঘটনার দিন দীপ তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেছেন, তাহসিফ তার বড় ভাই ও সিনিয়র ছিলেন।

তদন্তকারীরা এখন তাহসিফের মৃত্যুর আগের ঘটনাপ্রবাহ, তার সঙ্গে থাকা ব্যক্তিদের ভূমিকা এবং টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার পর কী ঘটেছিল, তা খতিয়ে দেখছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন