Logo
Logo
×

জাতীয়

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে

Icon

যুগের চিন্তা ২৪ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে এসে কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। পরে স্বজনরা মরদেহ নিয়ে নওগাঁ ও নাটোরের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় নিহতদের পরিবার সরকারের কাছে আর্থিক ও প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানায়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের দাফন সম্পন্ন করার জন্য প্রাথমিকভাবে প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি তিন মাস পর প্রতিটি পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এর আগে গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। প্রথম দফায় নিহত নয়জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

বাকি সাতজনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

শনাক্ত হওয়া সাত বাংলাদেশি হলেন—নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী। অন্য দুজন নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

দীর্ঘ অপেক্ষা ও পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষে মরদেহগুলো দেশে পৌঁছানোয় স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন