অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর
ডা. জাহিদ হাসানের সদস্যপদ স্থগিত করল ড্যাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা, মারধর ও অসদাচরণের অভিযোগে ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে তার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনটির মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম শাকিল।
চিঠিতে উল্লেখ করা হয়, বুধবার সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনায় ডা. জাহিদ হাসানের সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে যথাযথ জবাব দেয়ার জন্য ড্যাবের সভাপতি ও মহাসচিব বরাবর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, বুধবার বেলা ১১টার দিকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি তার অফিস কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠকে বসা অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ ৮-৯ জন ব্যক্তি কক্ষে প্রবেশ করেন এবং তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর শুরু করেন।



