Logo
Logo
×

জাতীয়

খাদ্য ফোর্টিফিকেশন জোরদারে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম

খাদ্য ফোর্টিফিকেশন জোরদারে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর

দেশের মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত, অপুষ্টি ও মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মোকাবিলা এবং নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যের প্রাপ্যতা বাড়াতে খাদ্য ফোর্টিফিকেশন কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি এ কার্যক্রমে সরকার, বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আহ্বান জানান।

ফোর্টিফিকেশন অ্যালায়েন্সের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত বিশেষ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ।

অনুষ্ঠানে মীম শরৎ ফোর্টিফায়েড আটার গুণগত মান, উৎপাদন প্রক্রিয়া এবং পুষ্টিমানসমৃদ্ধ আটা উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বিশেষ উপস্থাপনা করেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশের জনগণের জন্য নিরাপদ, মানসম্মত ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সংযোজনের মাধ্যমে অপুষ্টি ও মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মোকাবিলায় খাদ্য ফোর্টিফিকেশন কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি খাদ্য ফোর্টিফিকেশন কার্যক্রমকে আরও বিস্তৃত ও টেকসই করতে সরকারি সংস্থা, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

খাদ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, শুধু পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনই নয়, উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে গুণগত মান, নিরাপত্তা ও যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি খাতের দায়িত্বশীল অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনস্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ মীর শাহে আলমের

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, খাদ্য ফোর্টিফিকেশন জনস্বাস্থ্য উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি বলেন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য দেশের সব শ্রেণি-পেশার মানুষের নাগালে পৌঁছে দিতে হলে সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, স্বাস্থ্যকর জনগোষ্ঠী গড়ে তুলতে স্থানীয় পর্যায় পর্যন্ত পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধি, মানসম্মত খাদ্য উৎপাদন এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করার দিকে গুরুত্ব দিতে হবে।

ফোর্টিফায়েড আটার মান ও উৎপাদন প্রক্রিয়া তুলে ধরলেন আলহাজ মোহাম্মদ সোহাগ

অনুষ্ঠানে মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ ফোর্টিফায়েড আটা উৎপাদন, গুণগত মান এবং পুষ্টিমান নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

উপস্থাপনায় তিনি মীম শরৎ ফোর্টিফায়েড আটা উৎপাদনে মানসম্মত কাঁচামাল ব্যবহার, সঠিক উৎপাদন প্রক্রিয়া, প্রয়োজনীয় পুষ্টি উপাদানের যথাযথ সংযোজন এবং মান নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি জানান, দায়িত্বশীল ও মানসম্মত উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তাদের কাছে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ফোর্টিফায়েড আটা পৌঁছে দেওয়া সম্ভব। এ জন্য উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ, নিয়মিত পরীক্ষা এবং নির্ধারিত মান অনুসরণ করা প্রয়োজন।

আলহাজ মোহাম্মদ সোহাগ বেসরকারি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আরও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন শুধু ব্যবসায়িক উদ্যোগ নয়, এটি জনস্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতারও একটি গুরুত্বপূর্ণ অংশ।

সরকারি-বেসরকারি অংশীদারিত্ব নিয়ে বিশেষ আলোচনা

অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল ‘বাংলাদেশে খাদ্য ফোর্টিফিকেশনের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব শক্তিশালীকরণ’।

অনুষ্ঠানে TechnoServe, UNICEF, World Food Programme (WFP), World Health Organization (WHO), icddr,b, Global Alliance for Improved Nutrition (GAIN), Helen Keller International এবং Nutrition International-সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সকাল ৯টায় নিবন্ধন ও নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

স্বাগত বক্তব্য দেন ভাই থাপা, Officer-in-Charge, UN World Food Programme, Bangladesh এবং Chair, FAB।

FAB-এর ভিশন, উদ্দেশ্য ও প্রত্যাশিত অবদান তুলে ধরেন মো. গুলজার আহমেদ, Country Programme Manager, TechnoServe এবং FAB Member।

এরপর “Food Fortification in Bangladesh: Progress, Opportunities and the Path Forward” শীর্ষক আলোচনায় বাংলাদেশে খাদ্য ফোর্টিফিকেশনের অগ্রগতি, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন ড. তাহমীদ আহমেদ, Executive Director, icddr,b এবং FAB Member।

প্যানেল আলোচনায় নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা

অনুষ্ঠানের প্যানেল আলোচনা পরিচালনা করেন ড. রুদাবা খন্দকার, Country Director, Bangladesh, Global Alliance for Improved Nutrition (GAIN) এবং Co-Chair, FAB।

প্যানেল আলোচনায় অংশ নেন এম. জসিম উদ্দিন খান, মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর; মো. সাফিকুল ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ ফুড সেফটি অথরিটি; ড. হারুকা সাকামোতো, Senior Public Health Specialist, WHO Bangladesh ও SUN UN Co-Chair; জাকির ইবনে হাই, Executive Director & Chief Operating Officer, ACI Food & Beverage Business; তানভীর আহমেদ, Vice Chairman, IFAD Group এবং ওসমান হারুনি, Senior Food Security & Trade Advisor, Embassy of the Netherlands।

আলোচনায় খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সংযোজন, জনগণের পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, মানসম্মত খাদ্য উৎপাদন, নীতি বাস্তবায়ন, মান নিয়ন্ত্রণ এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ উঠে আসে।

পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি উদ্যোগের আহ্বান

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্য ফোর্টিফিকেশন বাংলাদেশের অপুষ্টি ও মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিল্প পর্যায়ে উৎপাদিত প্রধান খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সঠিক মাত্রায় সংযোজনের মাধ্যমে বিপুল জনগোষ্ঠীর পুষ্টিমান উন্নয়ন সম্ভব।

এ জন্য শক্তিশালী নীতিমালা, নিয়মিত তদারকি, মান নিয়ন্ত্রণ, জনসচেতনতা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও কার্যকর সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফোর্টিফিকেশন কার্যক্রমে অবদান রাখা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি দেওয়া হয়। পরে ড. এ কে এম মুশা, Country Director, Nutrition International এবং FAB Member ধন্যবাদ জ্ঞাপন করেন। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন