ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লুলাকে শুভেচ্ছাবার্তা ড. ইউনূসের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম
ব্রাজিলের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ায় লুইস ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৬ অক্টোবর) পাঠানো ইউনূস সেন্টারের প্যাডে লেখা একটি শুভেচ্ছা চিঠিতে তিনি এই অভিনন্দন জানান। লুলার এই চতুর্থ মেয়াদকে ব্রাজিলের জনগণের আস্থার নিদর্শন বলে উল্লেখ করেছেন অধ্যাপক ইউনূস।
চিঠিতে ড. ইউনূস রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে তাদের বিগত বৈঠকের স্মৃতিচারণ করেন। সেই বৈঠকে সামাজিক ব্যবসা, সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং সামাজিক অন্তর্ভুক্তির মতো বিষয়ে হওয়া আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ। দরিদ্র এবং একটি ন্যায্য সমাজের প্রতি লুলার আজীবন প্রতিশ্রুতি শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণা বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া চিঠিতে লুলা দা সিলভার বাংলাদেশে আসার পূর্বের ইচ্ছার কথা উল্লেখ করে তাকে বাংলাদেশ সফরের জন্য উষ্ণ আমন্ত্রণ জানান অধ্যাপক ইউনূস। তিনি নিশ্চিত করেন, বাংলাদেশের মানুষ তাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্বাগত জানাবে। এছাড়া ড. ইউনূস তার চিঠিতে লুলার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।



