Logo
Logo
×

জাতীয়

ফের নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

ফের নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি চালু

গেল আগস্টে আকস্মিক বন্যায় ভোতেকোশি নদীতে দুটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর সাময়িকভাবে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে নেপাল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ভারতের সঞ্চালন লাইনের মাধ্যমে ফের বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে দেশটি। 

গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এই বিদ্যুৎ সরবরাহ ফের চালু হয় বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানান, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) অন্যান্য জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন দেয়ার পরই বাংলাদেশে পুনরায় সরবরাহ সম্ভব হয়েছে।

সংশোধিত এ ব্যবস্থার আওতায় এখন সোলু খোলা ও কাবেলী বি-১ জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে। অন্যদিকে লোয়ার মোদি খোলা কেন্দ্রটিকে ভারতের হরিয়ানা রাজ্যে বিদ্যুৎ সরবরাহের অনুমতি দেয়া হয়েছে।

কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, এই নতুন অনুমোদিত কেন্দ্রগুলো পূর্বে নির্ধারিত ত্রিশূলী, চিলিমে ও দেবীঘাট জলবিদ্যুৎ কেন্দ্রের স্থলাভিষিক্ত হয়েছে।

এনইএ ব্যবস্থাপনা পরিচালক শ্রেষ্ঠ যোগ করেন, বন্যা ও সঞ্চালন অবকাঠামোর ক্ষতি সত্ত্বেও অন্যান্য প্রকল্প থেকে ধারাবাহিক বিদ্যুৎ বিক্রির পাশাপাশি বাংলাদেশে রপ্তানি পুনরায় চালু করতে পারা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ অক্টোবর মৌসুমি বিদ্যুৎ রপ্তানির জন্য এনইএ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে পাঁচ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন