স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফর করবেন। বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব গভীরতর করা, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানো এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে তার এই সফর অনুষ্ঠিত হবে।
সফরকালে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এই এক্সপোর উদ্যোক্তা স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)।
বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা। এর মাধ্যমে দু’দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে তার কার্যক্রমের মূল লক্ষ্য থাকবে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্বের পরিধি বাড়ানো এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা অন্বেষণ করা।
যুক্তরাজ্যে সফরকালে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে সৃজনশীল অর্থনীতির উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারত্বের সুযোগ খুঁজে দেখার ওপর জোর দেয়া হবে।



