Logo
Logo
×

জাতীয়

সৌদিতে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম

সৌদিতে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার ঘটনায় আবারও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সাম্প্রতিক হামলাগুলোতে বাংলাদেশি নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ অবস্থান তুলে ধরা হয়। বিশেষ করে দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক আহত হওয়ার প্রেক্ষাপটে সরকারের প্রতিক্রিয়া জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছে ঢাকা।

গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় একজন ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হয়েছেন।

আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের হামলা ও সহিংসতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।

উল্লেখ্য, এর আগে ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। ওই ঘটনার পরও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তীব্র নিন্দা জানিয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন