ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৯
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকই রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় দুজন এবং ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭১ জনে।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় সবচেয়ে বেশি ২৭৪ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১৯ জন, বরিশাল বিভাগে ১৫৯ জন, খুলনা বিভাগে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে দুজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশনসহ এ বিভাগে মোট ১৭৯ জনের প্রাণহানি ঘটেছে।
এছাড়া খুলনা বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে তিনজন ডেঙ্গুতে মারা গেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি অপসারণ এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।



