দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ শিশু আক্রান্ত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ২৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ১১০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১০৩ শিশু।
এ সময়ে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৩ হাজার ২৭৩ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।



