Logo
Logo
×

জাতীয়

পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন জারি

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম

পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের ভাতা নির্ধারণ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী, নবম জাতীয় বেতন স্কেলের আওতার বাইরে থাকা কিছু শতাংশভিত্তিক ভাতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে হিসাব করে প্রদান করা হবে।

অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে জারি করা এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম। প্রজ্ঞাপনটি ১৯ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতার বাইরে থাকা যেসব ভাতা মূল বেতনের শতকরা হার অনুযায়ী নির্ধারিত হয়, সেগুলোর ক্ষেত্রে আপাতত নতুন বেতন কাঠামো প্রযোজ্য হবে না। এসব ভাতা ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে গণনা করে দেওয়া হবে।

এই সিদ্ধান্ত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত সংস্থার সেইসব কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যারা বর্তমানে মূল বেতনের শতাংশভিত্তিক ভাতা পাচ্ছেন এবং যেসব ভাতা নতুন বেতন ও ভাতাদি আদেশের অন্তর্ভুক্ত নয়।

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পর গত ১৯ সেপ্টেম্বর নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে তিন ধাপে এই বেতন কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

তবে নতুন পে স্কেলের বাইরে থাকা ভাতাগুলো পুরোনো মূল বেতনের ওপর ভিত্তি করে নির্ধারণ করার ফলে সংশ্লিষ্ট ভাতার ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসছে না। সরকার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগের ভিত্তিতেই এসব ভাতা প্রদান অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন