দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ এএম
আজ দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান প্রতিমন্ত্রী।
ইশরাক লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
ফেসবুকে দেওয়া ওই পোস্টে প্রতিমন্ত্রী আরও লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ‘সুশীল মানুষ’কে উল্লাসসূচক লেখালেখি করতে দেখেছেন। তারা ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উল্লেখ করেন, এবার সংসদ সদস্য কিংবা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করার কথা জানান তিনি।
এছাড়া দেশব্যাপী ‘প্রজন্ম দল’-এর সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারবেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। পোস্টের শেষে তিনি লেখেন— ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’



