দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে তলব, বিস্তারিত তথ্য চাইল সরকার
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য এখনো পায়নি বাংলাদেশ। এ কারণে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ, বিচারিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এর আগে শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি সম্পর্কে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। তবে বাংলাদেশ ইতোমধ্যে চিঠি দিয়ে প্রয়োজনীয় তথ্য জানতে চেয়েছে।
তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং থেকে পাওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, মক্কার একটি মসজিদে দুই বাংলাদেশি এমন একটি কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা সৌদি আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এর পরিপ্রেক্ষিতে দেশটির আদালত আইনানুগ ব্যবস্থা নিয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে এখনো কিছু জানানো হয়নি।
প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার পর দুই বাংলাদেশির পরিচয়, মামলার বিস্তারিত তথ্য এবং তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। একই সঙ্গে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান তিনি।



