Logo
Logo
×

জাতীয়

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

সৌদি আরবের চারটি গন্তব্যে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। এর মধ্যে গত এক সপ্তাহে ঢাকা থেকে সৌদিগামী যাত্রীদের বহনকারী ইন্ডিগোর ২২টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভারত হয়ে সৌদি আরবে যাতায়াতকারী বাংলাদেশি প্রবাসী ও অন্যান্য যাত্রীর ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিগো। তারা জানায়, সৌদি আরবের পরিবর্তনশীল পরিস্থিতি মূল্যায়ন করে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা থেকে যাওয়া-আসার ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল রাখা হয়েছে।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে গত কয়েক দিনে ঢাকা থেকে সৌদিগামী যাত্রীদের জন্য সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১০৩টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী। এর মধ্যে বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে সৌদি আরবগামী ট্রানজিট ফ্লাইট ৬১টি। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি ফ্লাইট রয়েছে।

ইন্ডিগো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের বুকিংয়ের সময় দেওয়া যোগাযোগের তথ্য ব্যবহার করে প্রয়োজনীয় নোটিশ পাঠানো হচ্ছে। ট্রাভেল এজেন্সি বা অন্য কোনো ভ্রমণ সহযোগীর মাধ্যমে টিকিট কাটা যাত্রীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে বিভিন্ন বিমান সংস্থা তাদের ফ্লাইট সূচি পরিবর্তন ও চলাচল স্থগিত করছে। এতে বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মস্থলে ফেরা প্রবাসী, নতুন কর্মী এবং ছুটিতে দেশে আসা যাত্রীদের যাত্রা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবগামী যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে তারা। ট্রানজিটের টিকিট থাকলে শুধু ঢাকা থেকে প্রথম ফ্লাইটের অবস্থা নয়, পরবর্তী সংযোগকারী ফ্লাইটও সচল আছে কি না, তা যাচাই করতে বলেছে ইন্ডিগো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন