দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৩২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৭৩ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে।
একই সময়ে পরীক্ষার মাধ্যমে আরও ১২৮ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের নির্ধারিত টিকাদান সম্পন্ন করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।



