এলপিজি সরবরাহে কারসাজি করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৪ পিএম
এলপিজি বাজারে কোনো ধরনের কারসাজি বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে নির্ধারিত একটি ফর্মুলা অনুসরণ করে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করা হয়। সম্প্রতি এলপিজি ডিলারদের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে সপ্তাহের শেষ দুই দিন ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে। এ প্রেক্ষাপটে অপারেটরদের সঙ্গে বৈঠকে বর্তমান ও আগামী বছরের জন্য এলপিজি সরবরাহ স্থিতিশীল রাখার কৌশল নিয়ে আলোচনা হয়েছে।
তবে সরবরাহ-সংক্রান্ত পরিকল্পনার বিস্তারিত এখনই প্রকাশ করা হবে না বলে জানান তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এলপিজি একটি অত্যাবশ্যকীয় পণ্য। এর সরবরাহ বা বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বাজারে অস্থিরতা সৃষ্টি, কারসাজি বা জনস্বার্থবিরোধী কার্যক্রমে জড়িত হন, সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে।
তিনি বলেন, ব্যবসায়িক কার্যক্রমে মতপার্থক্য, লাভ-লোকসান বা কমিশনসংক্রান্ত বিরোধ থাকতে পারে। এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সরকার ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো ব্যবসায়ীদের বক্তব্য শুনতে এবং যৌক্তিক সমস্যার সমাধান করতে প্রস্তুত রয়েছে। তবে কোনো পক্ষ নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।
এলপিজি সংকট কবে কাটতে পারে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে এলপিজি নিজস্বভাবে উৎপাদিত হয় না; এটি পুরোপুরি আমদানিনির্ভর। বর্তমানে যেসব অঞ্চল থেকে এলপিজি আমদানি করা হয়, সেখানে যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। ফলে আমদানিকারকদের বিকল্প উৎস খুঁজতে হচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে সরবরাহে ঘাটতি এড়ানো, বাজার স্থিতিশীল রাখা এবং আগামী বছরজুড়ে পর্যাপ্ত এলপিজি নিশ্চিত করার লক্ষ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ধর্মঘটের প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, খুচরা বিক্রেতাদের জানানো হয়েছে যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাদের সঙ্গে আলোচনা করছে। বিদ্যমান বাণিজ্যিক বিরোধ আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। তবে অত্যাবশ্যকীয় পণ্যকে কেন্দ্র করে দেশ বা জনগণকে জিম্মি করার কোনো উদ্যোগ সরকার সহ্য করবে না।



