Logo
Logo
×

জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির আভাস

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির আভাস

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামী ১৩ অক্টোবরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (১৪ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে এবং ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অধিকাংশ স্থানে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য লঘুচাপের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পূর্বাভাস প্রকাশ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন