দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:২৫ পিএম
এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুই দিন সারা দেশে সব এলপিজি বিক্রয়কেন্দ্র ও গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান।
ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ ও ১৬ অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) দেশব্যাপী সব এলপিজি বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। ব্যবসায়ীদের দাবি, বিভিন্ন ধরনের হয়রানি ও প্রতিবন্ধকতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।
এদিকে দেশের বাজারে সর্বশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়।
তবে ভোক্তাদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্য ঘোষণা থাকলেও অনেক এলাকায় ওই দামে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বরং খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির ঘটনা ঘটছে।
এ অবস্থায় দুই দিনের কর্মবিরতির ঘোষণায় এলপিজি সরবরাহ পরিস্থিতি এবং ভোক্তাদের ভোগান্তি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, চলমান সংকট ও মূল্যবৃদ্ধির মধ্যে দোকান বন্ধ থাকলে বাজারে সরবরাহ ব্যবস্থার ওপর আরও চাপ সৃষ্টি হতে পারে।



