দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ১২২ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২০ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া আটজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। এতে চলতি বছরে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে এ বছর দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্টদের হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানিয়েছে।



