জনআস্থা ধরে রাখা ও আরও শক্তিশালী করাই পুলিশের বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের প্রতি জনগণের আস্থা রয়েছে এবং সেই আস্থা ধরে রাখা ও আরও শক্তিশালী করাই এখন আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পুলিশের প্রতি জনআস্থা নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের আস্থা কতটা অর্জিত হয়েছে, সেই মূল্যায়ন জনগণই করবে। সরকারের দায়িত্ব হলো জনআস্থা বজায় রাখা এবং তা আরও সুদৃঢ় করার জন্য কাজ করা।
এক সাংবাদিক পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাম্প্রতিক এক সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরে জানতে চান, দীর্ঘ সময় পার হলেও জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থার সংকট রয়েছে কি না এবং সেই আস্থা অর্জনে আরও কত সময় লাগতে পারে।
জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রশ্নের মধ্যেই জনআস্থা নেই বলে ধরে নেওয়া হয়েছে। তিনি বলেন, আইজিপির বক্তব্যের মূল বিষয় ছিল জনআস্থা ধরে রাখা এবং আরও বিস্তৃত করা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা রয়েছে। তবে সেই আস্থাকে আরও গভীর ও শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান অব্যাহত রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।



