Logo
Logo
×

জাতীয়

প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ এএম

প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা

দেশের সব উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এখন থেকে সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে কার্যবিবরণীর একটি অনুলিপি সরকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠাতে হবে।

একই সঙ্গে উপজেলা পরিষদের কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রম এবং সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে বলা হয়েছে। এর মধ্যে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারায় পরিষদের প্রত্যেক সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।

তবে নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ থেকে আইন অনুযায়ী নিয়মিতভাবে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠানো হচ্ছে না। এতে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও পর্যবেক্ষণে সমস্যা হচ্ছে।

বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি যথাযথভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ কারণে আইন অনুযায়ী নিয়মিত উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের পাশাপাশি উপজেলা পরিষদের ন্যস্ত বিভাগগুলোর সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্যও উল্লেখ করতে বলা হয়েছে।

এ ছাড়া অগ্রাধিকারমূলক কার্যক্রমের ক্ষেত্রে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য রঙিন প্রিন্টে ছবি পাঠাতে হবে। কোনো কাজ বাস্তবায়নের আগে ও পরে অবস্থার তুলনামূলক চিত্র থাকলে তা পাশাপাশি সংযুক্ত করে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নিয়মিতভাবে স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। পাশাপাশি এর হার্ডকপিও স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠাতে হবে।

আইন অনুযায়ী উপজেলা পরিষদের কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়মিতভাবে সরকারের নজরে আনা এবং অগ্রাধিকারমূলক কার্যক্রমের বাস্তবায়ন তদারকি নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন